Headlines

রামেকে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৫০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারালো মোট ৫০ জন শিশু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

​হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় এই মৃত্যুগুলো রেকর্ড করা হয়েছে। একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ২৭ জন শিশু। বর্তমানে হাসপাতালে হাম আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। চলতি মৌসুমে এখন পর্যন্ত এই হাসপাতালে সর্বমোট ৪৭৯ জন শিশু চিকিৎসা নিতে ভর্তি হয়েছে।

​চিকিৎসকরা বলছেন, শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত না করা এবং প্রাথমিক সচেতনতার অভাবে পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। সময়মতো টিকা গ্রহণ ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানো না গেলে সামনে ঝুঁকি আরও বাড়তে পারে। উদ্ভূত পরিস্থিতিতে অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *