Headlines

সিলেটে অনির্দিষ্টকালের জ্বালানি ধর্মঘট — বন্ধ সব পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন


স্টাফ রিপোর্টার, সিলেট |

হয়রানি ও অতিরিক্ত জরিমানার অভিযোগ তুলে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের জ্বালানি বিক্রয় কেন্দ্র বন্ধ ঘোষণা করেছেন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন মালিকরা। আকস্মিক এই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ ও পরিবহন খাত।

বুধবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে এক জরুরি সিদ্ধান্তে বিভাগের চার জেলায় সব সিএনজি স্টেশন, এলপিজি স্টেশন, পেট্রোল পাম্প এবং ডিজেল বিক্রয় কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।

পাম্প মালিকদের দাবি, প্রশাসনের বিভিন্ন অভিযানের নামে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ব্যবসায়ীদের ওপর মোটা অঙ্কের জরিমানা চাপানো হচ্ছে এবং নানা ধরনের হয়রানি করা হচ্ছে। এতে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

একজন পাম্প মালিক বলেন, “আমরা সুশৃঙ্খলভাবে ব্যবসা করতে চাই। কিন্তু উদ্দেশ্যমূলক হয়রানি বন্ধ না হলে এই ধর্মঘট চালিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”

এ বিষয়ে এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশন এবং পেট্রোল পাম্প মালিক সমিতির কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট নাদিম রহমান বলেন, প্রশাসনের বর্তমান আচরণে ব্যবসা চালানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি।

হঠাৎ করে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন চলাচল, নিত্যপণ্যের সরবরাহ এবং জরুরি সেবায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতির সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ।

সংকট নিরসনে দ্রুত সংলাপের মাধ্যমে সমাধান না এলে সিলেটে জনজীবনে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *