মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের ডাসার উপজেলায় স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে অনশন শুরু করেছেন বিশ্বজিৎ পাত্র (২৮) নামের এক যুবক। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামে এ ঘটনা দেখা যায়।
অনশনরত বিশ্বজিৎ পাত্র জানান, একই গ্রামের অনুশীলা বাড়ৈ (২৩)-এর সঙ্গে প্রায় ১০ বছর ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। পরে প্রায় চার বছর আগে তারা আদালতের মাধ্যমে বিয়ে করেন। তবে বর্তমানে অনুশীলা তাদের বিয়ে ও সম্পর্ক অস্বীকার করছেন বলে অভিযোগ করেন তিনি।
বিশ্বজিৎ দাবি করেন, অনুশীলার পড়াশোনার পেছনে তিনি প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা ব্যয় করেছেন এবং ঢাকায় তারা দীর্ঘদিন একসঙ্গে বসবাস করেছেন। সম্প্রতি অনুশীলা নার্সিং শেষ করে একটি বেসরকারি হাসপাতালে চাকরি নেওয়ার পর থেকেই তার আচরণে পরিবর্তন আসে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “গত ১২ দিন ধরে সে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না। তাই বাধ্য হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তার বাড়িতে অনশনে বসেছি। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।”
অন্যদিকে, অনুশীলা বাড়ৈ বলেন, তাদের মধ্যে সম্পর্ক থাকলেও তাকে জোর করে কোর্ট ম্যারেজে সই করানো হয়েছিল। তিনি দাবি করেন, এক সপ্তাহ আগে তিনি বিশ্বজিৎকে ডিভোর্স দিয়েছেন এবং তার সঙ্গে সংসার করতে চান না।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টির দ্রুত ও সুষ্ঠু সমাধান প্রত্যাশা করছেন।

