নিজস্ব প্রতিবেদক | ঢাকা
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের বিচার ও দণ্ডাদেশকে ‘বেআইনি’ উল্লেখ করে তা বাতিলের দাবি জানানো হয়েছে। শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক স্বনামধন্য আইন সংস্থা ‘কিংসলে নেপলি’ ট্রাইব্যুনালের কাছে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে।
নোটিশে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে (ইন অ্যাবসেন্টিয়া) বিচার করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটি তার ন্যায়বিচার পাওয়ার অধিকার এবং মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। আইনজীবীদের মতে, বাংলাদেশে বর্তমানে এমন এক ‘শত্রুভাবাপন্ন’ রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, যেখানে আওয়ামী লীগ ও এর সমর্থকদের ওপর দমনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে ২০২৫ সালে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা, রাজনৈতিক সহিংসতা এবং আইনজীবীদের ওপর হামলার ঘটনাকে নোটিশে বিচারের নিরপেক্ষতা নষ্টের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া নিয়েও গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়, বিচারকদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে এমন ব্যক্তিদের নিয়ে বেঞ্চ গঠন করা হয়েছে, যা বিচারিক স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে। এমনকি একজন বিচারক রায় ঘোষণার আগেই আসামিকে দোষী সাব্যস্ত করার ইঙ্গিত দিয়েছেন বলেও দাবি করেছে ল’ফার্মটি। এছাড়া প্রধান প্রসিকিউটরের রাজনৈতিক অবস্থান এবং প্রসিকিউশন টিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এই পুরো প্রক্রিয়াকে পক্ষপাতমূলক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
লন্ডনভিত্তিক এই ল’ফার্মটি আরও অভিযোগ করেছে যে, ট্রাইব্যুনালের এখতিয়ারের আইনি ভিত্তি দুর্বল। মূলত ১৯৭১ সালের অপরাধ বিচারের জন্য গঠিত এই আদালতের ক্ষমতা যেভাবে বাড়ানো হয়েছে, তা আইনগতভাবে সঠিক নয়। এই প্রক্রিয়ার বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
সবশেষে, কিংসলে নেপলি’র পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল এবং মৃত্যুদণ্ড কার্যকর না করার জোরালো দাবি জানানো হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখে পুনর্বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছে সংস্থাটি।

