নিজস্ব প্রতিবেদক | ঢাকা
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া আল হামীম সায়মনকে নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জুলাই অভ্যুত্থান শাখা প্রকাশিত ৮৪৪ জন শহীদের গেজেটে ১০৭ নম্বরে সায়মনের নাম থাকলেও, সাম্প্রতিক এক অনুসন্ধানে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘চরচা’-র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৮ জুলাই সায়মন আন্দোলনে নিহত হননি; বরং একটি বারে অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সায়মন ওই দিন আন্দোলনের মাঠে সক্রিয় থাকার কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা যায়, সায়মন একটি বারে মাত্রাতিরিক্ত মদ্যপান করেন এবং পরবর্তীতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। অভিযোগ উঠেছে যে, পরবর্তীতে পরিবারের যোগসাজশে এবং কাগজপত্রের ব্যবস্থাপনায় তাকে ‘জুলাই শহীদ’ হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকার ১০৭ নম্বর ক্রমিকে থাকা সায়মনের নাম এখন বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে হাজারো প্রকৃত আন্দোলনকারী ও ত্যাগের স্বীকৃতি এখনো প্রক্রিয়াধীন, সেখানে এই ধরণের অভিযোগ জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। সচেতন নাগরিক সমাজ দাবি তুলছে, যারা প্রকৃত শহীদদের নামের অপব্যবহার করে তালিকায় নাম লিখিয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

