প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবলীগ নেতা

স্টাফ রিপোর্টার, ফেনী:
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার। সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পৌরসভার পূর্ব অনন্তপুর ছয়ঘরিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আনা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার দুপুরে পরশুরামের নিজ বাসায় মারা যান ইয়াছিন শরীফ মজুমদারের বাবা রফিকুল ইসলাম মজুমদার। বাবাকে শেষবারের মতো দেখার ও জানাজায় অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে জেলা ম্যাজিস্ট্রেট তিন ঘণ্টার জন্য তার প্যারোল মঞ্জুর করেন।
অনুমতি অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্যারোলে মুক্ত ছিলেন ইয়াছিন শরীফ। এ সময় তিনি পুলিশ পাহারায় জানাজায় অংশ নেন এবং উপস্থিত সবার কাছে তার বাবার রূহের মাগফিরাত কামনা করে দোয়া চান। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় ইয়াছিন শরীফ মজুমদারকে গ্রেফতার করা হয়।
ইয়াছিন শরীফ মজুমদার পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা এবং তার বড় মেয়ের জামাতা। তিনি দীর্ঘদিন পরশুরাম বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নিষিদ্ধ ঘোষিত পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *