বগুড়া, ২ মার্চ:
বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ফিরোজ আহম্মেদ শাকিল নন্দীগ্রাম পৌর এলাকার মাঝগ্রামের শফিকুল ইসলামের ছেলে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই শাকিল নিজের ফেসবুক পোস্টে নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০–১৫ জনকে অভিযুক্ত করেন। পোস্টে তিনি দাবি করেন, মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে তাকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।
রাতে খবর পেয়ে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন হাসপাতালে আহত শাকিলকে দেখতে যান।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা দলের কেউ হলেও সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।”

