চাঁদপুরে ধর্ষণ মামলায় ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | চাঁদপুর | প্রকাশিত: ০২ মার্চ ২০২৬
নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটে হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। বর্তমানে তিনি থানাহেফাজতে রয়েছেন।
পুলিশ জানায়, হাবিবুর রহমান উপজেলার উত্তর বড়কুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মামলার সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর এলাকার ২৪ বছর বয়সী এক তরুণী গত ২৬ ফেব্রুয়ারি চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। পরে মামলাটি হাজীগঞ্জ থানায় নথিভুক্ত করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার বলেন,
“গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *