৫০টির বেশি আসনে জামায়াতকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে হারানো হয়েছে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬


​বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, সদ্য সমাপ্ত নির্বাচনে ভোট গণনা ও ফলাফল ঘোষণার পর্যায়ে ব্যাপক ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপি করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মিলনায়তনে জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা আয়োজিত ‘রুকন সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের পরে ভোট গণনা, রেজাল্ট তৈরি করা এবং রেজাল্ট ঘোষণার মধ্যে কারচুপি করা হয়েছে। জামায়াতে ইসলামীকে অনেক সংসদীয় আসনে এক-দেড় হাজার থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে; এরকম আসনের সংখ্যা হবে ৫০টিরও বেশি।
​তিনি আরও উল্লেখ করেন, ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে আবেদন করা হয়েছে। বিধি অনুযায়ী গঠিত নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ নিয়ে যাওয়ার পাশাপাশি বিতর্কিত আসনগুলোতে ভোটের পুনর্গণনা ও অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *