নিজস্ব প্রতিবেদক,
অভয়নগর (যশোর): যশোরের অভয়নগর উপজেলায় পারিবারিক কবরস্থান নিয়ে বিরোধের জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার পারিবারিক কবরস্থানের জায়গা নিয়ে বিএনপির সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাত্তারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় সাত্তার আহত হন।
এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলীর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। আসরের নামাজের পর দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে জামায়াতের পক্ষ থেকে মাসুদ কামাল, বুখারী, জাহাঙ্গীর হোসেন ও আহাদ মোল্লাসহ চারজন এবং বিএনপির পক্ষ থেকে ইকবাল, খালিদ শেখ, ইউসুফ হোসেন ও ফোরকানসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

