নিজস্ব প্রতিবেদক |
ঢাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য বিএনপি ও আওয়ামী লীগকে সরাসরি দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।নাহিদ ইসলাম জানান, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বুধবার দুপুরে হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় গিয়েছিলেন।
মূলত নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে সেখানে গেলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, “জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলেমিশে হামলা করেছে।”তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের ‘পুনর্বাসিত গুণ্ডা বাহিনী’ এই হামলায় অংশ নেয়। এতে এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান নাহিদ ইসলাম।

