নিজস্ব প্রতিবেদক |
ঢাকা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে। দায়িত্ব ছাড়ার মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই উপদেষ্টাদের বিরুদ্ধে এসব লিখিত অভিযোগ জমা পড়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের নতুন রেকর্ড তৈরি হবে।
প্রাপ্ত অধিকাংশ অভিযোগে অভিযোগকারী নিজের নাম প্রকাশ করেননি, তবে বেশ কয়েকটি অভিযোগে অভিযোগকারীর পূর্ণ নাম ও পরিচয় উল্লেখ করা হয়েছে। সূত্র জানিয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ প্রায় সকল উপদেষ্টার বিরুদ্ধেই দুর্নীতির কোনো না কোনো অভিযোগ উঠেছে।
দুদক সূত্রে জানা গেছে, অন্য সব সাধারণ অভিযোগ যেভাবে যাচাই-বাছাই করা হয়, সাবেক এই উপদেষ্টাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলোও একইভাবে আইন মেনে যাচাই করা হবে। প্রাথমিক সত্যতা পাওয়া গেলেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে বিষয়টি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

