নিজস্ব প্রতিবেদক | ঢাকা
২২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এবং তার পরিবারকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটনা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে দলীয় ও পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ভুক্তভোগী সালেহ উদ্দিন সিফাত জানান, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তার ব্যক্তিগত মোবাইল নম্বর এবং পরিচয় ছড়িয়ে দিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এরপর থেকেই তার ফোনে দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে হুমকি আসা শুরু হয়। শুধু তাকেই নয়, তার পরিবারের সদস্যদেরও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সালেহ উদ্দিন সিফাত সংবাদমাধ্যমকে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি গোষ্ঠী তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই হীন পথ বেছে নিয়েছে। ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে দিয়ে তাকে এবং তার পরিবারকে চরম নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দেওয়া হয়েছে।
ঘটনার পর তিনি তাৎক্ষণিকভাবে সীতাকুণ্ড থানা পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন। সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এনসিপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এনসিপির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে লক্ষ্য করে এ ধরনের হুমকির ঘটনা ঘটছে। এর আগে জয়নাল আবেদীন শিশির এবং আখতার হোসেনকেও একই কায়দায় হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

