নিজস্ব প্রতিবেদক | ঢাকা
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বায়ান্নর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে বর্তমান প্রেক্ষাপটে বাঙালি জাতীয়তাবাদ ও সংবিধান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
বাণীতে শেখ হাসিনা বলেন, “অমর একুশে বাঙালির এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় কীর্তি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেক বীর সন্তান। আমি তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
শেখ হাসিনা তাঁর বাণীতে ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “রাষ্ট্রভাষা আন্দোলন সংগঠিত করতে গিয়ে ১৯৪৮ সালের ১১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর অনেক সহকর্মী গ্রেপ্তার হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আসে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের আঁতুরঘর এই ২১শে ফেব্রুয়ারি।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, “দুর্ভাগ্যের বিষয়, আজ সংবিধান থেকে বাঙালি জাতিপরিচয় মুছে দেয়ার ষড়যন্ত্র চলছে। বাঙালির প্রাণের উচ্চারিত শব্দমালা মুছে ফেলে জোর করে নতুন পরিচিতির অনুপ্রবেশ করানোর পাঁয়তারা চলছে। আমরা উপলব্ধি করছি আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম এখনো শেষ হয়নি।”
দেশবাসীকে একুশের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের পাথেয়। আসুন, সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। বাংলার মানুষ মুক্তি পাক, বাংলার মানুষের জয় হোক।”
বিবৃতিটি শেষ করা হয়েছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান এবং ‘আঁধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক’—এই আশাবাদের মধ্য দিয়ে।

