পবিত্র রমজান মাস শুরু হতেই চট্টগ্রামের বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে প্রায় চারগুণ। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম।
চট্টগ্রামের বিভিন্ন কাঁচাবাজার এবং অলিগলির ভ্রাম্যমাণ দোকান ঘুরে দেখা গেছে, লেবুর দাম নিয়ে চলছে নৈরাজ্য। বর্তমানে ছোট লেবুর হালি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, মাঝারি ও বড় লেবুর হালি ১২০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে, যা দরদাম করে ১৫০-১৬০ টাকায় কিনছেন ক্রেতারা।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রমজানের ঠিক দুই সপ্তাহ আগেও যেখানে এক হালি লেবু ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যেত, তা বর্তমানে বেড়ে সর্বোচ্চ ২০০ টাকায় ঠেকেছে। গত সপ্তাহে দাম ৮০-১০০ টাকায় পৌঁছালেও, প্রথম রোজায় তা আরও চড়া হয়ে উঠেছে।
লেবুর অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তাদের মতে, কোনো যৌক্তিক কারণ ছাড়াই কৃত্রিম সংকট তৈরি করে এই বাড়তি দাম নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বাজার মনিটরিং জোরদার না করলে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার পুরোপুরি বাইরে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

