নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ
ময়মনসিংহের তারাকান্দায় আগুনে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ-এর উপজেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা টাঙিয়ে স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকার শহীদ মিনারের সামনে অবস্থিত ভাঙা ও পোড়া কার্যালয়ে ১০ সদস্যের একটি দল প্রবেশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী-এর নেতাকর্মীরা। এরপর দীর্ঘদিন কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা কার্যালয়ের দেয়ালের এক পাশে দলীয় পতাকা, মাঝখানে জাতীয় পতাকা এবং অন্য পাশে ‘তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ’ লেখা একটি ব্যানার টাঙান। পরে সামনে আরেকটি জাতীয় পতাকা রেখে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়। ভিডিওতে ছাত্রলীগ-এর তারাকান্দা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরীকে সঞ্চালনা করতে দেখা যায়। বক্তব্যে তিনি জানান, দলীয় নির্দেশনার ভিত্তিতে নেতাকর্মীদের কার্যালয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

