নিজস্ব প্রতিবেদক | ঢাকা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করেছেন নিউইয়র্কভিত্তিক বাংলা দৈনিক ‘ঠিকানা’র প্রধান সম্পাদক ও প্রখ্যাত সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে ধারাবাহিকতার অভাব ও প্রশাসনিক অদক্ষতার অভিযোগ তুলে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ রিক্রুট তো ছিলেন ড. মুহাম্মদ ইউনূস।’
গত বৃহস্পতিবার একটি টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। খালেদ মুহিউদ্দীন মনে করেন, সরকারের শীর্ষ পর্যায়ে সঠিক নির্দেশনার অভাব রয়েছে। তাঁর ভাষায়, “মাথা যদি ঠিক না থাকে, তাহলে নিচের দিকে সব জায়গায় সমস্যা হয়। ড. মুহাম্মদ ইউনূসের কাজের মধ্যে আমি প্রচণ্ড ইনকনসিস্টেন্সি দেখছি। একটা কাজের মধ্যে ধারাবাহিকতা পাইনি।”
সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আমলাতন্ত্রের অসহযোগিতার যে দাবি করা হয়, তারও সমালোচনা করেন এই সাংবাদিক। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, প্রশাসনকে দিয়ে কাজ করিয়ে নেওয়া রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব। তিনি বলেন, “কিছু হইলেই বলা হইছে আমলারা কথা শোনেনি। কিন্তু প্রশাসনকে কার্যকরভাবে পরিচালনা করা সরকারেরই দায়িত্ব।”
বৃহস্পতিবারের ওই টকশোতে দেওয়া খালেদ মুহিউদ্দীনের এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

