নিজস্ব প্রতিবেদক | ঢাকা
গণভোটের কোন আইনগত ভিত্তি নেই। একটি জনগোষ্ঠী সম্পূর্ণভাবে এটি জনগণের উপর চাপিয়ে দিয়েছে। এছাড়া, যেভাবে গণভোটের প্রচার করা হয়েছে, তার মধ্যে অনেক বিভ্রান্তি আছে- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ।
এ সময় হাফিজ উদ্দিন বলেন, গণভোটে সংবিধান সংশোধন হবে, যেটা একমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। আর এখানে ঢাকার একটা এলিট গোষ্ঠী জনগণের উপর বিষয়টি চাপিয়ে দিয়েছে। আমাদের দেশ এখনো এ ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি। বিএনপি রাজি না হলে দেখা গেল নির্বাচনেই হবে না। তাই অবস্থার প্রেক্ষিতে বিএনপি জুলাই সনদে সই করেছে। সুতরাং আমরা কিছুটা বাধ্য হয়েই হ্যাঁ ভোট দেয়ার পক্ষে অবস্থান নিয়েছি। তারপর নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংবিধানকে একটি পূর্ণাঙ্গ রূপ দেবে।
তিনি আরও বলেন, গণভোট দিতে পারে সব দল একত্রিত হয়ে। কোন কোন দেশে আছে সংবিধানের কোন নির্দিষ্ট বিষয়কে পরিবর্তনের জন্য গণভোট দেয়া হয়। সেটা নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। এভাবে বিদেশ থেকে এসে রাজনীতির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ততা নেই জনগণের জন্য কোন সেক্রিফাইস নেই জাস্ট ঘটনা চক্রে চেয়ারে আসীন হয়ে এখন একটা গণভোট চালিয়ে দিল। এই গণভোটের আইনগত কোন ভিত্তি নেই, তবে নৈতিক ভিত্তি আছে। যেহেতু জুলাই অভ্যুত্থানকে আমরা সমর্থন করি সেহেতু আমরা হ্যাঁ ভোটের জন্য জনগণকে বলবো।

