নিজস্ব প্রতিবেদক |
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ওসমান সরদার (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) প্রার্থীর সমর্থক ছিলেন বলে জানা গেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খোপাখালী ইউনিয়নের চিতলাডাঙ্গা গ্রামে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ধানের শীষের প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। গুরুতর আহত অবস্থায় ওসমান সরদারকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ওসমান এবং সেই আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

