বাস নেই, ভাড়া কয়েকগুণ—ভোটারের উপস্থিতি দেখাতে কৃত্রিম চাপ তৈরীর অভিযোগ

Infobangla ডেস্ক
প্রকাশিত: ১৩:২৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বাস নেই, ভাড়া কয়েকগুণ বেড়ে গেছে। ২৫০ টাকার পথ পাড়ি দিতে গুনতে হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিকল্পিত যানজট। দীর্ঘ সময় সড়কে আটকে পড়ে অনেক ভোটযাত্রী বলছেন, ভোট দিতে যাওয়াটাই যেন এখন শাস্তির মতো হয়ে দাঁড়িয়েছে।

তবে যাত্রীদের একাংশের অভিযোগ, এই ভোগান্তি স্বাভাবিক নয়; বরং মানুষকে জোর করে ঢাকা ছাড়তে বাধ্য করতে এবং ভোটের উপস্থিতি বেশি দেখানোর জন্য কৃত্রিম সংকট ও যানজট তৈরি করা হয়েছে। কেউ ভোট দিতে না চাইলেও পরিস্থিতির চাপে তাকে বাড়ির পথে বের হতে হচ্ছে—এমন অভিযোগও উঠেছে।

ঢাকা–ময়মনসিংহ রুটে স্বাভাবিক সময়ে যেখানে ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা, সেখানে এখন ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাসের সংকটে অনেকেই বাধ্য হয়ে ট্রাকে উঠছেন, সেখানেও জনপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা ভাড়া দিতে হচ্ছে।

ভোগান্তিতে পড়া এক যাত্রী, রিফাত রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন,“সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে ভোট দিয়ে কী করব? এভাবে জোর করে মানুষকে রাস্তায় নামিয়ে ভিড় দেখানো কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এটা ভোট নয়, এটা চাপ।”

আরেকজন যাত্রী জুলাই মাসের কথা তুলে ধরে বলেন,“জুলাইয়ে তারা বলেছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বে। তাহলে আওয়ামী লীগকে কেন বাইরে রাখা হলো? অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া তো বৈষম্যই তৈরি হয়।”

অনেকের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় পরিবহন সিন্ডিকেট ও প্রভাবশালী মহল পরিস্থিতির সুযোগ নিচ্ছে। কৃত্রিম যানজট, বাস সংকট আর অতিরিক্ত ভাড়ার চাপে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতি না থাকলে কৃত্রিমভাবে জনস্রোত তৈরি করে ভোটের গ্রহণযোগ্যতা দেখানোর চেষ্টা দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও প্রশ্নবিদ্ধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *