১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের ডাক

Infobangla
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বর্জনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ১,৬৭৫ জন বিশিষ্ট নাগরিক। দেশ ও বিদেশে অবস্থানরত এসব নাগরিকের মধ্যে রয়েছেন চিকিৎসক, প্রকৌশলী, কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির প্রতিনিধিরা।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বর্তমানে দেশে কোনো গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ন্যূনতম রাজনৈতিক, আইনি ও নিরাপত্তাগত পরিবেশ বিদ্যমান নেই। তাদের মতে, প্রস্তাবিত নির্বাচন ও গণভোট একটি পরিকল্পিত রাজনৈতিক প্রহসন, যা দেশকে অস্থিরতা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেবে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকার অনির্বাচিত হওয়ায় এই নির্বাচন ও গণভোট আয়োজনের কোনো নৈতিক কিংবা সাংবিধানিক বৈধতা নেই। পাশাপাশি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানবাধিকার লঙ্ঘন, প্রধান রাজনৈতিক শক্তিগুলোর অনুপস্থিতি এবং বিচার বিভাগ ও প্রশাসনের ক্রমবর্ধমান রাজনীতিকরণ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

নাগরিকদের পক্ষ থেকে নির্বাচন ও গণভোট স্থগিত করা, বর্তমান সরকার বিলুপ্ত করে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠন, রাজনৈতিক বন্দিদের মুক্তি, মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক তদন্তসহ মোট ১২ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এই প্রক্রিয়ার মাধ্যমে গঠিত কোনো সরকার দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৈধতা হারাবে, যার ফলে অর্থনীতি ও জাতীয় ঐক্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *