February 8, 2026 | Infobangla
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পান প্রবাসী ভোটাররা। তবে এই উদ্যোগে প্রত্যাশিত সাড়া মেলেনি। Infobangla-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের মোট ১ কোটি ৩০ লাখ প্রবাসী ভোটারের মধ্যে মাত্র ৪ লাখ ৫৬ হাজার জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন, যা মোট প্রবাসী ভোটারের প্রায় ৩ শতাংশ। ফলে কার্যত ৯৭ শতাংশ প্রবাসী ভোটার এই প্রক্রিয়া থেকে দূরে থেকেছেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয় ১৮ নভেম্বর ২০২৫ তারিখে। একাধিকবার সময় বাড়ানোর পর নিবন্ধন প্রক্রিয়া শেষ হয় ৫ জানুয়ারি ২০২৬ তারিখে। নিবন্ধিত প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টা থেকে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করে তা ডাকযোগে পাঠানোর সুযোগ পান।
প্রবাসীদের কম অংশগ্রহণের পেছনে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতিকে দায়ী করছেন প্রবাসী বাংলাদেশিরা। গত ৭ ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে তারা অভিযোগ করেন, দেশে মবসন্ত্রাস, ধর্ষণ, গুম ও খুনের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিক, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ভিন্নমত প্রকাশ করলেই গায়েবি মামলায় আসামি করা, গ্রেপ্তার, শারীরিক হামলা এবং পত্রিকা অফিসে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটছে। এসব কারণে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর আস্থার সংকট তৈরি হয়েছে বলে মনে করেন তারা।
প্রবাসী বাংলাদেশিরা আরও দাবি করেন, দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দলকে বাইরে রেখে অনুষ্ঠিত কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এই প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রবাসীদের একটি বড় অংশের অনাস্থা স্পষ্ট হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের অভিমত।

