চালকের মাথায় আঘাত করে রিকশা ছিনতা

Infobangla নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৬

খুলনায় রিকশাচালকের মাথায় আঘাত করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বড় মির্জাপুর ক্রস রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহত রিকশাচালকের নাম রনি (২৮)। তিনি খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা আফসার গোলদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যাত্রী নিয়ে রিকশাটি বড় মির্জাপুর সড়ক হয়ে মির্জাপুর ক্রস রোডে পৌঁছালে হঠাৎ যাত্রী ছদ্মবেশে থাকা দুর্বৃত্ত চালকের মাথায় আঘাত করে তাঁকে রাস্তায় ফেলে দেয়। এরপর দুর্বৃত্ত রিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। রনির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন Infobangla–কে জানান,

“রিকশাচালকের অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসকরা তাঁকে ঢাকায় রেফার করার পরামর্শ দিয়েছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

স্থানীয়রা অভিযোগ করছেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দেশে খুন, চুরি ও ছিনতাইসহ নানা ধরনের অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে নগর এলাকায় রাত ও ভোরের দিকে রিকশাচালক ও পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *