পরীক্ষায় খাতা না দেখানোয় সহপাঠীকে মারধর, হাসপাতালে ভর্তি শিক্ষার্থী
গোবিপ্রবি প্রতিনিধি | Infobangla
৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩১ PM
পরীক্ষায় খাতা দেখে লিখতে না দেওয়ার জেরে সহপাঠীকে মারধরের অভিযোগ উঠেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। আহত শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী চন্দন মহন্ত এবং অভিযুক্ত শিক্ষার্থী বিপ্র. এন. এম. সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে।
হাসপাতালে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আফতাব জিলানী জানান, রাত ১০টার দিকে আহত অবস্থায় চন্দন মহন্তকে হাসপাতালে আনা হয়। তার মাথায় আঘাত থাকায় শারীরিক অবস্থা বিবেচনায় তাকে ভর্তি করা হয়েছে। বমি বা অচেতনতার উপসর্গ দেখা দিলে পরিস্থিতি জটিল হতে পারে। তবে বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী চন্দন মহন্ত জানান, পরীক্ষার সময় অভিযুক্ত বিপ্র. এন. এম. তাকে খাতা দেখানোর জন্য চাপ দেয়। তিনি রাজি না হওয়ায় পরে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। সন্ধ্যার দিকে এক সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে অবস্থানকালে অভিযুক্তের সঙ্গে আবার দেখা হলে হঠাৎ করে তার মাথা, কান ও পিঠে আঘাত করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। বর্তমানে মাথা, কান ও পিঠে তীব্র ব্যথা অনুভব করছেন বলে জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিপ্র. এন. এম. বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে প্রমাণ করুক। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, চন্দন তার বন্ধু এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনিই তার সঙ্গে ছিলেন। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুর রহমান বলেন, তিনি শিক্ষার্থীর হাসপাতালে ভর্তি থাকার বিষয়টি শুনেছেন এবং একজন শিক্ষককে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পরীক্ষার খাতা সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। বিভাগ খোলার পর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

