রাজধানীর বাড্ডায় দুই বাসের চাপায় ব্যাংক কর্মী নিহত

রাজধানীর বাড্ডার লিংক রোডে দুটি যাত্রীবাহী বাসের চাপায় আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক ব্যাংক কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবুল কাশেম আজাদ একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

নিহতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, অফিস শেষে বাসায় ফেরার সময় বাড্ডার লিংক রোড পার হচ্ছিলেন আবুল কাশেম। এ সময় রাইদা ও ভিক্টর নামে দুটি যাত্রীবাহী বাসের মাঝখানে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *