আপনি
বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তে বলিউডসহ সংগীতাঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অরিজিৎ সিং জানান, তিনি আর নতুন কোনো চলচ্চিত্রের প্লেব্যাক গানের কাজ নেবেন না। তবে বর্তমানে চলমান কাজগুলো তিনি শেষ করবেন বলে স্পষ্ট করেন।
ইনস্টাগ্রাম পোস্টে অরিজিৎ সিং লেখেন,
“সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। আমি জানাতে চাই, আজ থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে নতুন কোনো কাজ নিচ্ছি না। এটাকে এখানেই শেষ করছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা।”
তবে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ালেও সংগীতচর্চা পুরোপুরি বন্ধ করছেন না অরিজিৎ। তিনি জানান, স্বাধীনভাবে সংগীত তৈরি ও পরিবেশন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, ঘোষণার মাত্র দুই দিন আগেই সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পান অরিজিৎ সিং। এরপরই তার এই ঘোষণা ভক্তদের মধ্যে হতাশা ও বিস্ময়ের জন্ম দিয়েছে।
অরিজিতের গাওয়া গান শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশে শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। তার এই সিদ্ধান্ত বলিউডের সংগীত জগতে বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা

