আবু সাঈদ গুলিতে নিহত নন, গেঞ্জিতে গুলির ছিদ্রও ছিল না: আইনজীবী

আবু সাঈদ গুলিতে নিহত হননি—এমন দাবি করেছেন মামলার আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। তার দাবি, মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এদিন আবু সাঈদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। পরে ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন।

আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, কনস্টেবল সুজন ও এএসআই আমির হোসেনসহ তিন আসামির পক্ষে তিনি যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। তার যুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল—আবু সাঈদের শরীরে ব্যবহৃত রাবার বুলেট বা পিলেটস আদৌ প্রাণঘাতী ছিল কি না।

তিনি দাবি করেন, এ বিষয়ে প্রসিকিউশন পক্ষ থেকে কার্যকর কোনো যুক্তি বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, নিহতের গেঞ্জিতেও গুলির কোনো ছিদ্র পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় যে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়নি।

দুলু আরও বলেন, “যে ধরনের রাবার বুলেট বা পিলেট ব্যবহারের কথা বলা হচ্ছে, তা ত্বকের জন্য প্রাণঘাতী কি না—এই প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব প্রসিকিউশন দিতে পারেনি। ফলে আবু সাঈদের মৃত্যু গুলির কারণে হয়নি—এই বিষয়টি স্পষ্ট।”

তবে মামলার চূড়ান্ত রায় এখনো ঘোষণা করা হয়নি। ট্রাইব্যুনালের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *