বরগুনা প্রতিনিধি | Infobangla
২৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বরগুনায় লিফলেট বিতরণ করেছে ছাত্রলীগ। দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের পর এবার সরাসরি মাঠপর্যায়ে গিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় সংগঠনটি।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে বরগুনা পৌর শহরের নাথ পট্টি লেক পাড়ের শেখ রাসেল স্কয়ারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ এবং বাজার এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়।
প্রাপ্ত ছবিতে দেখা যায়, ছাত্রলীগ বরগুনা জেলা শাখার সহ-সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা নির্বাচন নিয়ে নিজেদের মতামত শান্তিপূর্ণভাবে জনগণের সামনে তুলে ধরতেই এ কর্মসূচি পালন করেছে।
স্থানীয়রা জানান, সকালে রাস্তায় ছড়িয়ে থাকা ও বিভিন্ন স্থানে সাঁটানো লিফলেটের মাধ্যমে নির্বাচন নিয়ে ছাত্রলীগের অবস্থান জানতে পারেন তারা। লিফলেটে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম Infobangla–কে বলেন, “লিফলেট বিতরণের বিষয়টি আমাদের নজরে এসেছে। এখনো বিস্তারিত জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ছাত্রলীগের স্থানীয় নেতারা দাবি করেন, এটি একটি মতপ্রকাশমূলক কর্মসূচি এবং তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তাদের বক্তব্য তুলে ধরেছেন।

