Infobangla নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে নিখোঁজের সাত দিন পর একটি সেফটি ট্যাংক থেকে ছাত্রলীগ কর্মী ফজলে রাব্বি বাবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ তারিখ) চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফজলে রাব্বি বাবু হাজিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। স্থানীয় সূত্র ও পরিবার দাবি করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের পক্ষে প্রচারণা চালানোর কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পরিবারের অভিযোগ, বাবু নিখোঁজ হওয়ার পর তারা একাধিকবার থানায় গিয়ে প্রতিকার চাইলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে ঘটনার সাত দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

