বাগেরহাট | শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে ৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) নামের এক গৃহবধূ। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম নাজিম হোসেন। তার মা কানিজ সুবর্ণা স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী।
নিহত স্বর্ণালীর ভাই শুভ জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। এরপর থেকেই স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েন। স্বামীকে খুব ভালোবাসতেন তিনি এবং দীর্ঘদিন ধরে তাকে জামিনে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বারবার চেষ্টা করেও জামিন না হওয়ায় তিনি চরম হতাশায় ভুগছিলেন।
তিনি আরও বলেন, ‘আমার বোন একাকিত্বে ভুগছিল। আমরা তাকে চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু হতাশা থেকেই আজ সে প্রথমে ৯ মাসের শিশুটিকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যা করে, পরে নিজে গলায় ফাঁস নেয়।’
পরিবার সূত্রে জানা যায়, সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, ‘স্বর্ণালী ও তার ৯ মাসের ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

