বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দলীয় কার্যালয়ের সামনে অবস্থানকালে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ হাসান মোল্লাকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। গুলিবর্ষণের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলির একটি অংশ তার শরীরের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার কারণ উদঘাটন ও হামলাকারীদের শনাক্তে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে বিএনপির ঢাকা-২ আসনের প্রার্থী আমান উল্লাহ আমান-এর এপিএস উজ্জ্বল হোসেন বলেন, হাসান মোল্লা দলের একজন সক্রিয় নেতা। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ ঘটনায় হযরতপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ইনফো বাংলা/

