তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি | Infobangla

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক Infobangla-কে বলেন, অভিযুক্ত গোলাম মোস্তফা ইলেক্ট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। বিষয়টি নজরে আসার পর স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পুলিশকে অবহিত করেন।

পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকার সোমা স্টুডিওর সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, এ ঘটনায় বুধবার অভিযুক্ত গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ইলেক্ট্রনিক ডিভাইস ও ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। মামলার বাদী উপজেলা ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু।

গ্রেপ্তার গোলাম মোস্তফা হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার Infobangla-কে বলেন, “ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা পোস্ট দিয়ে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এটি একটি অপরাধমূলক কর্মকাণ্ড।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *