মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
প্রস্তাবিত গণভোট সংবিধানবিরোধী, অবাস্তব এবং বাস্তবায়িত হলে দেশ অচল ও রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে এই গণভোট প্রত্যাখ্যান করা উচিত এবং এতে ‘না’ ভোট দেওয়া প্রয়োজন।
জিএম কাদের বলেন, স্বৈরাচার রোধের নামে প্রস্তাবিত সংবিধান সংশোধনীগুলোতে প্রধানমন্ত্রীকে কার্যত ক্ষমতাহীন করা হয়েছে। “দায়িত্ব দিয়ে ক্ষমতা না দিলে কোনো সরকার দেশ চালাতে পারে না,” বলেন তিনি। এসব সংশোধনী বেআইনি ও অবাস্তব এবং বাস্তবায়ন হলে দেশ ধ্বংসের পথে যাবে।তিনি আরও বলেন, এ ধরনের ব্যবস্থায় সরকার কয়েক দিনের বেশি টিকবে না, আইনসভা কার্যকরভাবে কাজ করতে পারবে না এবং দেশ অচল হয়ে পড়বে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংশোধনের ক্ষমতা কেবল সংসদের রয়েছে। এত জটিল বিষয় সাধারণ মানুষের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটে চূড়ান্ত করা অযৌক্তিক ও অবাস্তব।জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, তার দল এই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেবে এবং জনগণকে গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো।

