হাদির পরিবারকে এক কোটি টাকা অনুদান

মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পরিবারের জন্য রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার উদ্দেশ্যে এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দেওয়ার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের অনুমোদন দেয়। গৃহায়ণ মন্ত্রণালয়ের চলতি ২০২৫–২৬ অর্থবছরে ‘আবাসিক ভবন’ খাতে বরাদ্দ রাখা ছয় কোটি টাকা থেকে এ অর্থ ব্যয় করা হবে।

তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে শরীফ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত করার শর্ত আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *