Infobangla ডেস্ক: প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। দলটির অভিযোগ, পোস্টাল ব্যালট প্রণয়ন ও প্রেরণ প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে, যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধিদল এসব অভিযোগ জানায় এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা দাবি করে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র সচিব ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কায়সার কামাল।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট সঠিকভাবে বিবেচনা করে প্রণয়ন করা হয়নি। যারা এই ব্যালট প্রণয়ন, প্রেরণ ও তদারকির দায়িত্বে ছিলেন, তাদের ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও এ বিষয়ে জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে—একেকটি বাসায় ২০০ থেকে ৩০০টি করে ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও ব্যালট জব্দ করা হচ্ছে, আবার কোথাও নির্ধারিত তারিখের আগেই ভোটগ্রহণ শুরু হয়ে গেছে, যা ২২ জানুয়ারি হওয়ার কথা। কোথাও একজনের ভোটার নম্বর দিয়ে অন্যজন ব্যালট গ্রহণের ঘটনাও ঘটছে। এভাবে বিভিন্ন অনিয়ম সামনে এসেছে।
প্রবাসীদের ভোটদানের এই পদ্ধতি প্রথমবার চালু হওয়ায় কিছু ভুলভ্রান্তি থাকতে পারে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তবে বর্তমানে যে অনিয়মগুলো হচ্ছে, তাতে বিএনপি ভুক্তভোগী হচ্ছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাতমূলকভাবে কিছু কাজ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, এটি আর শুধু ধারণা নয়, বরং প্রমাণিত হচ্ছে।
ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি নিয়েও উদ্বেগ জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ভোটারদের অংশগ্রহণ সহজ করতে ভোটার স্লিপে প্রার্থীর নাম, প্রতীক ও ভোটার নম্বর থাকা প্রয়োজন। অথচ বর্তমান আচরণবিধিতে দলীয় নাম, প্রতীক ও প্রার্থীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচন কমিশন চাইলে এই আচরণবিধি সংশোধন করতে পারে।
এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার সফর স্থগিত করেছেন। অথচ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন ও প্রচারণা চালাচ্ছেন। কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
অনেক রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাধারণ ব্যালটেই প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহারের প্রস্তাব আগেই নির্বাচন কমিশনের কাছে দিয়েছে বিএনপি। এই প্রস্তাব যৌক্তিক বিবেচনায় নির্বাচন কমিশন গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

