সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে দুই পোড়া লাশ উদ্ধার, পাঁচ মাসে মিলল পাঁচটি

ঢাকার সাভারের একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আরও দুইটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (আজ) দুপুরের পর সাভার থানা কমপ্লেক্স থেকে মাত্র ১০০ গজ দূরে অবস্থিত কমিউনিটি সেন্টারটির দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকালে লাশ দুটি থেকে ধোঁয়া বের হচ্ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হত্যার পর লাশগুলোতে আগুন দেওয়া হয়েছে।

এ নিয়ে গত বছরের আগস্ট থেকে চলতি জানুয়ারি পর্যন্ত পাঁচ মাসে ওই কমিউনিটি সেন্টার থেকে মোট পাঁচটি লাশ উদ্ধার হলো। তবে এতগুলো লাশ উদ্ধারের পরও পুলিশ এখন পর্যন্ত কোনো লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। একই সঙ্গে এসব হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি।

ঘটনার পর সাভার থানার পরিদর্শক (অপারেশনস) হেলাল উদ্দিন ঘটনাস্থলে যান। তিনি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।

সাভার থানা সূত্র জানায়, গত বছর ২৯ আগস্ট প্রথমবার কমিউনিটি সেন্টারটির দ্বিতীয় তলা থেকে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এরপর একই বছরের ১১ অক্টোবর সেখানে এক নারীর লাশ পাওয়া যায়। প্রায় দুই মাস পর, ১৯ ডিসেম্বর একই স্থানে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এসব ঘটনায় পৃথক মামলা হলেও এখন পর্যন্ত কোনো রহস্য উদ্ঘাটন হয়নি।

আজ উদ্ধার হওয়া দুইটি লাশসহ পাঁচটি ঘটনার প্রতিটিতেই পরিচয় শনাক্তে ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে ঢাকার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “একই স্থানে বারবার লাশ পাওয়ার ঘটনা অত্যন্ত অ্যালার্মিং। দুষ্কৃতকারীরা অন্যত্র হত্যাকাণ্ড ঘটিয়ে এই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারকে ডাম্পিং স্পট হিসেবে ব্যবহার করছে বলে আমাদের ধারণা।”

তিনি আরও জানান, বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কমিউনিটি সেন্টার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থায়ী নিরাপত্তা প্রহরী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয়দের মতে, থানা কমপ্লেক্সের কাছেই থাকা একটি পরিত্যক্ত ভবনে একের পর এক লাশ উদ্ধারের ঘটনা এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *