ভোট নয়, এটা ফাঁদ-পাতানো নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্ট

ডেস্ক রিপোর্ট | ইনফোবাংলা

আসন্ন জাতীয় নির্বাচনকে ‘অবৈধ ও পাতানো’ আখ্যা দিয়ে এতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, এই নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়; বরং এটি একটি সাজানো নাটক, যার মাধ্যমে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় লেখেন, “এটি ভোট বর্জনের ডাক নয়, এটি রাষ্ট্র বাঁচানোর ঘোষণা। এটি কোনো দলের স্বার্থ নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ।” তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার নির্বাচনকে গণতন্ত্রের উৎসব হিসেবে নয়, বরং একটি নির্দিষ্ট আদর্শ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাচ্ছে।

পোস্টে বলা হয়, ভোটের বাক্স নয়, বরং পরিকল্পিত স্ক্রিপ্টই এখানে মূল বিষয়। জনগণের মতামতের পরিবর্তে একটি পূর্বনির্ধারিত পরিকল্পনাই বাস্তবায়নের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, যে নির্বাচনে স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে বাইরে রাখা হয়, সে নির্বাচন জনগণের হতে পারে না।

সজীব ওয়াজেদ জয়ের পোস্টে আরও দাবি করা হয়, বর্তমান পরিস্থিতিতে অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক সহাবস্থান হুমকির মুখে রয়েছে। তিনি অভিযোগ করেন, মৌলবাদ ও জঙ্গিবাদের জন্য জায়গা তৈরির ঝুঁকি বাড়ছে, যা দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

পোস্টের শেষাংশে তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই পাতানো নির্বাচনে অংশ না নিয়ে নিজেদের ভবিষ্যৎ রক্ষা করাই এখন সময়ের দাবি।” পোস্টে তিনি ইংরেজিতে ‘NO BOAT, NO VOTE’ স্লোগানও ব্যবহার করেন।

উল্লেখ্য, সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্য ও অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *