InfoBangla ডেস্ক রিপোর্টঃ
তিনটি দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে এ প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন।
ছাত্রদলের অভিযোগ, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে। এছাড়া বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে ইসি স্বাধীন ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে বলেও অভিযোগ করা হয়।
তাদের তৃতীয় দাবি হলো—বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন প্রত্যাহার। ছাত্রদলের মতে, এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় পর্যায়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
এদিকে আজ সকাল ১০টা থেকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ শুনানি চলছে।
এর আগে গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। তখন বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৬৪৫ জন আপিল করেন। ১০ থেকে ১৭ জানুয়ারি টানা আট দিনের শুনানিতে প্রায় ৪০০ জন প্রার্থিতা ফিরে পান।
আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর এবং অপেক্ষমাণ আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দুপুর ১২টার দিকে শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ইনফোবাংলাকে জানান, সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং বর্তমানে ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করছেন।

