রাজধানীর গুলশানে একটি ভাড়া বাসা থেকে সাদিয়া রহমান মিম (২৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিম একটি বারের ড্যান্সার ছিলেন। পাশাপাশি তিনি একটি পার্লারের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (দিবাগত রাত) গুলশানের কালাচাঁদপুর পশ্চিমপাড়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের রুমমেট নুসরাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

