গুলশানে তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে পালাল অজ্ঞাত মোটরসাইকেল আরোহী

ডেস্ক রিপোর্ট | ইনফোবাংলা

ঢাকার গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী গাড়িতে একটি সাদা খাম লাগিয়ে পালিয়ে গেছে এক অজ্ঞাত মোটরসাইকেল আরোহী। ঘটনাটি বুধবার (রাত) আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গুলশান দলের কার্যালয় থেকে বাসার উদ্দেশে বুলেটপ্রুফ গাড়িতে করে তারেক রহমান যাওয়ার সময় গুলশান সোসাইটি পার্কের কাছে একটি হিরো হাঙ্ক মোটরসাইকেলে আসা এক ব্যক্তি গাড়িবহরের কাছে পৌঁছে গাড়ির গায়ে একটি সাদা খাম টেপ দিয়ে লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

খামটির ভেতরে কী ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর বিষয়টি নিয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল হাসান ইনফো বাংলাকে জানান, ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল আরোহীকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি বলেন, “পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।”

ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী খামটির বিষয়বস্তু ও ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *