Desk Report | InfoBangla
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্পিরিটস অব জুলাইয়ের আয়োজনে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্দেশ্যে আয়োজিত ‘কুয়াশার গান’ শীর্ষক আউটডোর কনসার্ট চলাকালে গণভোটের বিপরীতে ‘নো’ স্লোগান দিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশকে।
গত ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ কনসার্টে জনপ্রিয় চারটি ব্যান্ড—চিরকুট, আভাস, অ্যাশেজ ও কৃষ্ণপক্ষ—পারফর্ম করে। কনসার্ট চলাকালীন সময়েই দর্শকসারির একাংশ থেকে গণভোটবিরোধী স্লোগান ওঠে, যা মুহূর্তের মধ্যে ক্যাম্পাসজুড়ে আলোচনার জন্ম দেয়।
অনুষ্ঠানটি মূলত একটি মানবিক ও সামাজিক উদ্যোগ হলেও কনসার্ট চলার সময় রাজনৈতিক স্লোগান ওঠায় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বিষয়টিকে মতপ্রকাশের অধিকার হিসেবে দেখলেও, অনেকের মতে সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনকে রাজনৈতিক বার্তা থেকে আলাদা রাখা উচিত ছিল।
এ বিষয়ে আয়োজক পক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শান্তিপূর্ণভাবেই পুরো কনসার্ট সম্পন্ন হয়েছে এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রমও নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয় বলে জানা গেছে।

