নিজস্ব প্রতিবেদক | Info Bangla

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনার আলোচনার মধ্যেই এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ব্যবহৃত দাপ্তরিক ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের ১৬ তলায় এ ঘটনা ঘটে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চুরি হওয়া ল্যাপটপটি এইচপি (HP) ব্র্যান্ডের এবং এটি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব ও সিনিয়র সহকারী সচিব মো. ইমামুল হাফিজ নাদিম দাপ্তরিক কাজে ব্যবহার করতেন। ভবনটির একই তলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাদী আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দপ্তরও অবস্থিত।

সূত্র জানায়, দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খানের কক্ষে প্রবেশ করেন ইমামুল হাফিজ নাদিম। প্রায় পাঁচ মিনিট পর নিজ কক্ষে ফিরে এসে তিনি দেখেন তার টেবিলে রাখা ল্যাপটপটি নেই। ঘটনার সময় ভবনে বিদ্যুৎ ছিল না এবং কক্ষের বাইরে লোকসমাগমও ছিল। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও তল্লাশি চালানো হলেও ল্যাপটপটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পর নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরিহিত আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি একটি কালো ব্যাগ নিয়ে দপ্তর এলাকা থেকে বের হয়ে যাচ্ছেন। সংশ্লিষ্টদের ধারণা, ওই ব্যাগের মধ্যেই চুরি হওয়া ল্যাপটপটি বহন করা হয়েছিল। ল্যাপটপটিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথি ও তথ্য সংরক্ষিত থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই ভবনে উপস্থিত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করা হয়েছে। তিনি বলেন, পুরো ভবনের নিরাপত্তার দায়িত্বে মাত্র ২২ জন আনসার সদস্য রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সীমিত জনবল নিয়েও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version