নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর পল্টন থানার একটি মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। একই সঙ্গে তাঁর নিয়মিত জামিন কেন মঞ্জুর করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (০৯ জুন) বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দীপু মনির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. রমজান আলী শিকদার।
শুনানি শেষে আইনজীবী মো. রমজান আলী শিকদার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়সহ বিভিন্ন ঘটনায় দীপু মনির বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, ৩৮টি মামলার মধ্যে দুটি মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এছাড়া, বাকি মামলাগুলোর কয়েকটিতে ইতিমধ্যে হাইকোর্ট থেকে জামিনসংক্রান্ত রুল জারি করা হয়েছে এবং কিছু মামলায় অন্তর্বর্তীকালীন জামিনও দেওয়া হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দীপু মনি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর, ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
